ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হাদির ওপর হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় জড়িত আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার গভীর দুঃখ প্রকাশ করছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতায় খুব দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এই হামলায় জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি। হাদির ওপর হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বানচাল করার যেকোনো চেষ্টা সরকার কঠোরভাবে দমন করবে।


তিনি আরো জানান, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে এবং ‘ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত হয়েছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সালকে ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন এবং বলেন, সবার দোয়ায় তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।


এ সময় তিনি আরো বলেন, ‘আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে এবং ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়াতে হবে।’ তিনি জানান, এখন থেকে নির্বাচনে অংশগ্রহণকারীরাও চাইলে বৈধ অস্ত্রের লাইসেন্স পাবেন এবং আগে জমা দেওয়া অস্ত্র থাকলে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑